ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ফারস নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, আইআরজিসির একটি বিশেষ প্রকৌশল ইউনিট ওই এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ ও মাইন অপসারণে কাজ করছিল। কাজ চলাকালীন হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়।
আহত দুই সদস্যকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইনের কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ছিল। স্থানীয় কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি পুনরায় চাষযোগ্য করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছিল।
বিশ্লেষকদের মতে, অতীতের সংঘাত বা সামরিক মহড়ার সময় রেখে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ ইরানের বিভিন্ন অঞ্চলে এখনো বড় ঝুঁকি হয়ে রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও গ্রামীণ কৃষিজমিতে এসব মাইন ও বোমা অপসারণ একটি বড় চ্যালেঞ্জ।
আইআরজিসির পক্ষ থেকে নিহত সদস্যদের ‘শহীদ’ হিসেবে আখ্যা দিয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

