লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপরজন সিরীয় নাগরিক বলে জানা গেছে।
সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে জানিয়েছে, ঘটনাটি লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকার একটি বাড়িতে ঘটে। তবে নিহত বাংলাদেশিদের নাম বা পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১১ মে) এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই নতুন করে এ প্রাণহানির ঘটনা ঘটল।
এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা চলমান রয়েছে। হিজবুল্লাহও আজ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।
এর আগে ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে অভিযোগ রয়েছে, ইসরায়েল সেই চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা আরও বেড়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন