ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসরায়েলি হামলায় আরও ১৬ লেবাননির মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২০, ২০২৬, ১০:১১ এএম
ছবি- সংগৃহীত

কোনোভাবেই থামছে না লেবানন-ইসরায়েল সংঘাত। নতুন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার লেবাননের চিকিৎসা ও গণমাধ্যম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিকিৎসা সূত্র জানায়, টায়ার জেলার দেইর কানুন আল-নাহর শহরে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো এখনো কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে কাফারসির শহরের আল-মাহফারা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় ভবনটি ধ্বংস হয়ে গেলে দুই নারীসহ চারজন নিহত হন।

পৃথক আরও দুটি হামলায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে নাবাতিয়েহ জেলার হারুফ শহরে পৌর ভবনের কাছে ড্রোন হামলায় একজন এবং বিন্ট জেবেইল জেলার ফ্রুন শহরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরেকজন নিহত হন।

ইসরায়েলি যুদ্ধবিমানগুলো- কাফাররেমান, কাফরা, কাফারদুনিন, আল-শাহাবিয়া, আল-রাইহান উচ্চভূমি, জাওতার আল-শারকিয়া, আল-কুসাইবাহ, দেব্বিন, মারাকাহ, আল-বাজুরিয়াহ, আল-মাজাদেল, আল-হুশ-টায়ার এলাকা, দেইর কানুন আল-নাহর এবং নাবাতিয়াহ শহরে হামলা চালিয়েছে।

এ ছাড়া ইসরায়েলি কামানের গোলাবর্ষণে আরিদ দেব্বিন-মারজায়ুন ও বেইত ইয়াহুন এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

অন্যদিকে, হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক অবস্থান ও সৈন্য সমাবেশ লক্ষ্য করে একাধিক হামলার দাবি করেছে।

গোষ্ঠীটি জানায়, তারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে দোভিভ বসতিতে একটি তাঁবুর ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া আরেকটি আক্রমণকারী ড্রোন দিয়ে মিসগাভ আম বসতিতে একটি ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিসগাভ আমের কাছের একটি সড়কে গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলে একজন গুরুতর আহত হন।

হিজবুল্লাহ আরও জানায়, তারা তাইবেহ শহরের চত্বরে একটি ইসরায়েলি সামরিক যোগাযোগ যান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এবং রেশাফ শহরে ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের সমাবেশে রকেট নিক্ষেপ করেছে।

এ ছাড়া উত্তর ইসরায়েলের আরব আল-আরামশে গ্রামের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সৈন্য ও যানবাহনের সমাবেশ এবং রাস আল-নাকুরা নৌঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা জাল আল-আল্লাম এলাকায় একটি আক্রমণকারী ড্রোনের মাধ্যমে একটি আয়রন ডোম প্ল্যাটফর্মে আঘাত হেনেছে এবং সেটি ধ্বংস করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ১৯ মে পর্যন্ত আহত হয়েছেন আরও ৯ হাজার ৩০১ জন।

অন্যদিকে, কঠোর বিধিনিষেধের মধ্যে থাকা ইসরায়েলি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, লেবানন সীমান্তে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে ১ হাজার ৪৩ জন ইসরায়েলি কর্মকর্তা ও সৈন্য আহত হয়েছেন। এদের মধ্যে ৫৯ জনের অবস্থা গুরুতর এবং ১২২ জন মাঝারি ধরনের আহত।