যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।
সোমবার (২৫ মে) জাপানের সংবাদপত্র নিক্কেই মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে শান্তিচুক্তি কার্যকর হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরান হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণের কাজ শুরু করবে। নির্ধারিত সময় শেষে বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ নিরাপদ ও বাধাহীনভাবে এই প্রণালি ব্যবহার করতে পারবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে জাহাজ চলাচলের ওপর ইরান কোনো ধরনের ট্রানজিট ফি আরোপ করবে না।
এদিকে, চলতি বছরের এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে বলেও জানা গেছে। এই সময়ের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি, উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে তার প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।
সাম্প্রতিক সংঘাতের পর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এমন অবস্থায় সম্ভাব্য শান্তিচুক্তি এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গুরুত্ব তৈরি করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন