ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ইরানে হামলা করতে ওয়াশিংটনের অনুমোদন চায় ইসরায়েল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৭:২২ পিএম
ছবি : সংগৃহীত

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন চাইছে ইসরায়েল।

গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বর্তমান সংঘাতটি ‘শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ, এতে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকতে পারে বলে ইসরায়েল আশা করছে।

এদিকে, নিউইয়র্ক পোস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘ওয়াশিংটন সাহায্য চাইলে’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো ভবিষ্যৎ সামরিক অভিযানে অংশ নিতে প্রস্তুত ইসরায়েল।

একটি সূত্র পত্রিকাটিকে জানায়, ‘আমরা প্রমাণ করেছি যে আমরা যুক্তরাষ্ট্রের পাশে আছি। ইসরায়েল এতে যোগ দিলে তা যুক্তরাষ্ট্রের স্বার্থে হবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে আমরা বুঝতে পারছি যে আমাদের শক্তি প্রদর্শন করতে হবে।’

সূত্রটি আরও বলে,  প্রয়োজনে আমরা আবারও তা করতে প্রস্তুত। 

একই সূত্র জানায়, ইসরায়েল ‘সেই দিনগুলোতে ফিরে যেতে চায় না, যখন মানুষকে আশ্রয়কেন্দ্রে ছুটতে হতো।’ তবে তারা  আরও বলেন,  একই সঙ্গে ইরানে যা ঘটছে, তা আমরা উপেক্ষা করতে চাই না। তাই যদি এটাই আমাদের দিতে হওয়া মূল্য হয়, আমরা সেই পরিস্থিতি মোকাবিলা করব।

এদিকে, সিএনএন বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কাতার ও পাকিস্তান যুক্তরাষ্ট্র এবং ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, উত্তেজনা প্রশমনে চলমান মধ্যস্থতায় তুরস্কও সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

অন্যদিকে, হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত কতদিন স্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইসরায়েলের ধারণা, সংঘাতটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি নেতারা মনে করেন, ওয়াশিংটন চায় না যে ইসরায়েল বর্তমান সংঘাতে সরাসরি অংশগ্রহণ করুক।

ইসরায়েলি সূত্রগুলোর মূল্যায়ন, এই পর্যায়ে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ওপর হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি সামরিক বাহিনী প্রস্তুতি অব্যাহত রেখেছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।