ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ২৬

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি : সংগৃহীত

মিয়ানমারের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মা (ডিভিবি) জানায়, মঙ্গলবার পোন্নাগিউন শহরের ইয়োয়েঙ্গু গ্রামে বিমান হামলায় আরাকান রাজ্যে নারী ও শিশুসহ ১৭ জন নিহত এবং ১৪ জন আহত হন।

গ্রামটি আরাকান রাজ্যের রাজধানী সিত্তে থেকে প্রায় ৩৩ কিলোমিটার (২১ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। ২০২৪ সালের মার্চ মাসে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর রাখাইন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এলাকাটি দখল করে।

পোন্নাগিউনের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে ডিভিবিকে জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। হামলায় অন্তত পাঁচটি বাড়ি পুড়ে গেছে বলেও তিনি জানান।

উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলে পৃথক আরেকটি হামলায় সেনাবাহিনী প্যারামোটর থেকে বোমা নিক্ষেপ করে বলে ডিভিবি জানিয়েছে। এতে দুই শিশুসহ নয়জন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হন।

মাইনমু টাউনশিপের এক বাসিন্দা জানান, দুটি প্যারামোটর এমন একটি স্থানে তিনটি বোমা ফেলে, যেখানে স্থানীয়রা ইন্টারনেট সংযোগের জন্য স্টারলিংক ডিভাইস ব্যবহার করছিলেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে।

অভ্যুত্থানের পর দেশটি চার বছরেরও বেশি সময় জরুরি শাসনের অধীনে ছিল, যা আনুষ্ঠানিকভাবে গত জুলাইয়ে শেষ হয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যে তিন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনী ও বিরোধী গোষ্ঠীর সংঘর্ষে ৬,০০০-এর বেশি মানুষ নিহত এবং প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।