ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর সিরিয়ার দক্ষিণাঞ্চলের একটি অস্ত্রভাণ্ডারে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিরিয়া।
বুধবার (৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল এই হামলার মাধ্যমে অঞ্চলটিকে অস্থির করার চেষ্টা করছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী করা হবে।
তিনি আরও বলেন, মঙ্গলবার (৩ জুন) সিরিয়া থেকে নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র দেশটির খোলা জায়গায় আছড়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সিরিয়ায় ইসরায়েলের চালানো পাল্টা হামলায় কতজন হতাহত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
সিরিয়ার সরকারি বার্তায় জানানো হয়েছে, ইসরায়েলের এ হামলা আমাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। সিরিয়া কখনো এই অঞ্চলের জন্য হুমকি ছিল না, ভবিষ্যতেও হবে না।
উল্লেখ্য, হামলা করা এলাকাগুলো ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সন্নিকটে অবস্থিত। ইসরায়েল ১৯৭৬ সালে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় এবং সেখানে বসতি সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন