ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:২৪ এএম
ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার মতো’ একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওটির ওপর ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ লিখেছে, ‘পার্প ওয়াক (অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া) করানো হলো।’ ভিডিওতে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। সেখানকার নীল রঙের কার্পেটে ‘ডিইএ এনওয়াইডি’ (মাদক নিয়ন্ত্রণ সংস্থা-ডিইএ, নিউইয়র্ক বিভাগ) লেখা রয়েছে।

ভিডিওটিতে মাদুরোকে সেখানে উপস্থিত এক ব্যক্তিকে ‘শুভ নববর্ষ’ বলে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের বিমানঘাঁটিতে নামার পর মাদুরোকে উড়োজাহাজে করে ম্যানহাটানের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা। এরপরই তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রুকলিনের বন্দিশিবির।

নিউইয়র্কের এই কুখ্যাত কারাগারটি গুরুত্বপূর্ণ বন্দিদের রাখার জন্য পরিচিত। এর আগে পপতারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসকে এই কারাগারেই রাখা হয়েছিল।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ৩ জানুয়ারি ভোরে এক অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। আগামী সপ্তাহে ম্যানহাটানের আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগগুলোর বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের মাটিতেই বিচারের মুখোমুখি হতে হবে বলে ফ্লোরিডার পাম বিচের মার–আ–লাগো বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, মাদুরোর বিরুদ্ধে অপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে অনেক ‘জোরালো প্রমাণ’ রয়েছে। তিনি বলেন, এটি (মাদুরোর অপরাধ) একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো।