ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেনেজুয়েলার নতুন নেতৃত্বের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:২৫ পিএম
ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ‘দীর্ঘক্ষণ ফোনালাপ’ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দুই নেতার মধ্যে এটিই প্রথম যোগাযোগ।

ফোনালাপের বিষয়ে ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, আজ আমরা একটি দারুণ আলাপ করেছি এবং তিনি একজন চমৎকার মানুষ। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি ও রদ্রিগেজ  তেল, খনিজ, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তাসহ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ডেলটা ফোর্স ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এরপর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি ডেলসি রদ্রিগেজের দায়িত্ব গ্রহণে সন্তুষ্ট, যতক্ষণ তিনি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণে প্রবেশাধিকার দেন।

এদিকে ডেলসি রদ্রিগেজ টেলিগ্রামে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপকে ‘ফলপ্রসূ ও সৌজন্যমূলক’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি ‘পারস্পরিক শ্রদ্ধা’র  ভিত্তিতে হয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে রদ্রিগেজ তার প্রথম সংবাদ সম্মেলনে বলেন, ভেনেজুয়েলা একটি ‘নতুন রাজনৈতিক যুগে’ প্রবেশ করছে, যা আদর্শিক ও রাজনৈতিক বৈচিত্রের প্রতি অধিক সহনশীলতা দ্বারা চিহ্নিত।

ওয়াশিংটনের চাপের মুখে ভেনেজুয়েলা গত সপ্তাহে ডজনখানেক রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে। তবে এখনো  শত শত রাজনৈতিক বন্দি কারাগারে রয়েছেন। রদ্রিগেজ দাবি করেছেন, ডিসেম্বর থেকে মোট ৪০৬ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এটি একটি প্রক্রিয়ার অংশ, যা এখনও চলমান।