ইউক্রেনে ব্রিটিশ ড্রোন ব্যবহারে একটি সেতু ধ্বংসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার নাগরিকদের একাংশ। তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজ ধ্বংসের আহ্বান জানিয়েছেন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের মার্চে ইউক্রেনের একটি হামলায় দিনিপ্রো নদীর উপনদী কোঙ্কার ওপর একটি সেতু ধ্বংস হয়। সাম্প্রতিক ফুটেজ বিশ্লেষণে জানা গেছে, ওই হামলায় ব্রিটিশ তৈরি ম্যালয় টি-১৫০ ভারী মালবাহী ড্রোন ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণের ভিডিও থেকেই ড্রোন মোতায়েনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ তথ্য প্রকাশ্যে আসার পর রাশিয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। মস্কোভিত্তিক রাষ্ট্রীয় গণমাধ্যমের কর্মকর্তা ও বিশ্লেষক ভ্লাদিমির কর্নিলভ দাবি করেন, ব্রিটিশরা রুশ ভূখণ্ডে নাশকতায় তাদের সম্পৃক্ততা নিয়ে প্রকাশ্যে কথা বলছে।
তবে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ঘটনাটি ইউক্রেনের ভূখণ্ডেই ঘটেছে, যদিও সেটি রুশ বাহিনীর দখলে ছিল।
ভ্লাদিমির কর্নিলভ বলেন, এখন সময় এসেছে রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে গুরুত্বপূর্ণ ওয়েস্টমিনস্টার ব্রিজ ধ্বংস করে দেওয়ার। তিনি আরও দাবি করেন, এমন হামলায় অন্য পক্ষকে জড়ানোর চেষ্টা হতে পারে।
রাশিয়ার আরেক সংবাদমাধ্যম জারগ্রাদও একই ধরনের প্রতিক্রিয়ার কথা জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশদের সম্পৃক্ততা নিয়ে ক্ষোভ বাড়ছে এবং হামলার লক্ষ্যবস্তু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রথমদিকে কোঙ্কা সেতুর বিস্ফোরণকে সাধারণ বিমান হামলা বলে মনে করা হয়েছিল। তবে পরে জানা যায়, ইউক্রেনের ৪২৬তম আনম্যানড সিস্টেম রেজিমেন্ট ভারী ড্রোন ব্যবহার করে ধারাবাহিক অভিযানে এ ধরনের হামলা চালায়। প্রায় দেড় টন বিস্ফোরক বহন করে সেতুতে আঘাত হানার সক্ষমতা ছিল এসব ড্রোনের।
ইউক্রেনীয় ইউনিটের কমান্ডার কর্নেল ওলেক্সি বুলাখভ বলেন, নিচের দিক থেকে সেতু ধ্বংস করা তুলনামূলকভাবে সহজ।
চার বছর ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে কোঙ্কা সেতুতে এ হামলাকে গুরুত্বপূর্ণ একটি অভিযান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

