ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খামেনির মৃত্যুর দাবি ট্রাম্পের, তীব্র বার্তা তেহরানকে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৪:৩৫ এএম
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি খামেনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বলেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির নিহত হওয়ার প্রতিবেদনটি ‘ঠিক হতে পারে’।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি, মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্য ন্যায়বিচার নয়, বরং সারা বিশ্বের বিভিন্ন দেশের সেই মহান আমেরিকানদের জন্যও ন্যায়বিচার, যারা খামেনি ও তার রক্তপিপাসু সন্ত্রাসী দলের হাতে নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

তিনি আরও লেখেন, উন্নত গোয়েন্দা ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে খামেনির অবস্থান শনাক্ত করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।

ট্রাম্প দাবি করেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), সামরিক বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার অনেক সদস্য আর যুদ্ধ করতে চান না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা বা ‘ইমিউনিটি’ চাইছেন।

তিনি সতর্ক করে লেখেন, এখন তারা নিরাপত্তা পেতে পারে, পরে তারা শুধু মৃত্যুই পাবে। তার ভাষ্য, আইআরজিসি ও পুলিশ বাহিনী শান্তিপূর্ণভাবে ইরানি দেশপ্রেমিকদের সঙ্গে একীভূত হয়ে দেশ পুনর্গঠনে কাজ করবে—এটাই প্রত্যাশা।

ট্রাম্প আরও বলেন, খামেনির মৃত্যুর পাশাপাশি ইরান ইতিমধ্যে ব্যাপক ধ্বংসের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ভারী ও নির্ভুল বোমা হামলা অব্যাহত থাকবে বলেও তিনি ইঙ্গিত দেন।

তবে খামেনির মৃত্যুর বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।