ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সামরিক হামলা স্থগিত, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৫:১৮ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়ে বলেন, ইরান আলোচনায় প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।  দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের অবস্থান পরে জানানো হবে।

এর কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়ে ইরানকে সতর্ক করেছিলেন।  হঠাৎ এই অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।  দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ইসলামাবাদ শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নেওয়া হতে পারে।

তবে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। ইরানের বন্দরগুলোর কাছে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় পরিস্থিতি জটিল রয়ে গেছে।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ পদক্ষেপকে ‘যুদ্ধকালীন কার্যক্রম’ হিসেবে আখ্যা দিয়ে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন ও আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন সীমিত করতে হবে। তবে তেহরান তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি মূলত কূটনৈতিক চাপ সামাল দেওয়ার কৌশল।  তাদের ধারণা, পরিস্থিতির জটিলতা বিবেচনায় যুক্তরাষ্ট্রকে অবস্থান পুনর্বিবেচনা করতে হতে পারে।

সব মিলিয়ে যুদ্ধবিরতি বাড়লেও হরমুজ প্রণালিসহ কৌশলগত ইস্যুতে মতবিরোধ রয়ে গেছে। সম্ভাব্য আলোচনার দিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।