পূর্ব প্রশান্ত মহাসাগরে জাহাজে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। মাদক-সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। যদিও সাম্প্রতিক এ ধরনের হামলাগুলোকে মানবাধিকার সংগঠনগুলো ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে নিন্দা করেছে।
মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটি মাদক পাচারের পরিচিত রুটে চলাচল করছিল এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মাদক-সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানানো হয়েছে।
তবে মানবাধিকার সংস্থাগুলো এ ধরনের হামলার সমালোচনা করেছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব অভিযানকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকে মাদক পাচারে জড়িত সন্দেহে বিভিন্ন নৌযানের ওপর এ ধরনের অভিযান জোরদার করা হয়। গত সেপ্টেম্বর থেকে এসব অভিযানে ১৭০ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্যও উঠে এসেছে।


