ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১০:২৬ এএম
ছবি : সংগৃহীত

ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থাকে সহায়তা এবং দেশটির প্রতিরক্ষা খাতে অর্থ সরবরাহের অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

বুধবার (২৯ এপ্রিল) দেশটির ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর করেছে তাদের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর’। 

অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের তেল বাণিজ্য থেকে অর্জিত অর্থ গোপন ব্যবস্থার মাধ্যমে স্থানান্তরে এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট দেশ পরিচয় প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের তেল খাতে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে। তবুও আন্তর্জাতিক বাজারে ইরানের তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। ওয়াশিংটনের অভিযোগ, দেশি-বিদেশি বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে একটি ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ গড়ে তুলেছে তেহরান। এই ব্যবস্থার মাধ্যমে তৃতীয় পক্ষ ব্যবহার করে তেল বিক্রির অর্থ আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলে সংরক্ষণ ও স্থানান্তর করা হয়।

এই অর্থ পরবর্তীতে ইরানের প্রতিরক্ষা বাহিনী এবং এর বিশেষ ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কাছে পৌঁছে দেওয়া হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের। সংশ্লিষ্ট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় পরোক্ষভাবে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের তেল বাণিজ্য নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতা না হওয়া পর্যন্ত এ ধরনের অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে।