অস্থায়ী ভিসা পেতে নতুন শর্ত যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা সাক্ষাৎকারে আবেদনকারীদের নিজ দেশে নির্যাতনের শিকার হয়েছেন কি না এবং দেশে ফিরে যেতে ভয় পান কি না এই বিষয়ে স্পষ্ট তথ্য দিতে হবে। অন্যথায় ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি বাড়বে।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে এই প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। সাক্ষাৎকার চালিয়ে যাওয়ার পূর্বশর্ত হিসেবেই আবেদনকারীদের এসব তথ্য নিশ্চিত করতে হবে।
নতুন নির্দেশনায় বিশেষভাবে দুটি প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে আবেদনকারী নিজ দেশে কোনো ক্ষতি বা নির্যাতনের শিকার হয়েছেন কি না এবং দেশে ফিরে গেলে তিনি কোনো ঝুঁকি অনুভব করেন কি না।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, অনেক আবেদনকারী ভিসা প্রক্রিয়ায় প্রকৃত উদ্দেশ্য গোপন করেন। বিশেষ করে আশ্রয়প্রার্থীর সংখ্যা বৃদ্ধির পেছনে এই প্রবণতা ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যমান পদ্ধতিতে আবেদনকারীদের ঝুঁকি বা ভয়ের বিষয় যথাযথভাবে যাচাই করা সম্ভব হচ্ছিল না। তাই স্বচ্ছতা বাড়াতে এবং ভিসা প্রক্রিয়াকে আরও কার্যকর করতে নতুন এই শর্ত সংযোজন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন