ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরান যুদ্ধে ইতিমধ্যে ২৫ বিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র : পেন্টাগন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১০:২৫ এএম
পেন্টাগন । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস ‘জেই’ হার্স্ট কংগ্রেসের আইনপ্রণেতাদের জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

বুধবার (২৯ এপ্রিল) হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে হার্স্ট জানান, এই ব্যয়ের বড় একটি অংশ অস্ত্রশস্ত্রের পেছনে ব্যয় হয়েছে। তবে কিছু খরচ হয়েছে রক্ষণাবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জামের জায়গায় নতুন সরঞ্জাম পাঠানোর কাজে।

যুদ্ধের সুনির্দিষ্ট ব্যয় কত, তা নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে ধোঁয়াশা ছিল। কংগ্রেস যখন ২০২৭ অর্থবছরের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব নিয়ে পর্যালোচনা করছে, তখন এটি ক্রমেই একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

হার্স্টের জবাবে কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য ও হাউস প্রতিনিধি অ্যাডাম স্মিথ বলেন, ‘আমি আনন্দিত যে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন। কারণ, আমরা অনেক দিন ধরে এই তথ্যটি চাইছিলাম, কিন্তু কেউ আমাদের সেই সংখ্যাটি জানায়নি।’