কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান ঘটাতে প্রেসিডেন্ট আবদুল হামিদ সড়কের পুনর্নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নিকলী থেকে কারপাশা ইউনিয়নের নানশ্রী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, সড়কটির উন্নয়ন ও সংস্কারের জন্য প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২০ সালে নির্মিত এ সড়কটি ভারি বর্ষণ, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং দুই পাশে গাছের শিকড়ের প্রভাবে বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে স্থানীয় জনগণ দীর্ঘদিন চরম ভোগান্তিতে ছিলেন।
গত ২১ জুন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সড়কটির পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন। ইতোমধ্যে ভৈরবের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিনুল হক প্রায় ৪ হাজার ৯৫০ মিটার সড়কের কাজ শুরু করেছে। সরেজমিনে দেখা যায়, নির্ধারিত মান বজায় রেখে দ্রুতগতিতে নির্মাণকাজ চলছে। প্রকল্প অনুযায়ী নিকলী নতুন বাজার মোড় থেকে ১ কিলোমিটার সড়ক আরসিসি ঢালাই এবং বাকি অংশে পিচঢালাই করা হবে। এর আগে ২০২৩ সালে সড়কের কিছু অংশ সাময়িকভাবে মেরামত করা হলেও তা টেকসই হয়নি। স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মতে, সড়কটি পুনর্নির্মাণ হওয়ায় এলাকায় দুর্ঘটনা ও ভোগান্তি কমবে। অটোরিকশা, সিএনজি ও ট্রাকচালকরা জানান, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে সরকারের এ উদ্যোগ সময়োপযোগী। এলজিইডির নিকলী উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘সড়কের কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে কঠোর মনিটরিং চলছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন