নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (২১) নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পরীক্ষার্থীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার চলতি বছরের আলিম পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে মাইন উদ্দিনসহ কয়েকজন সহপাঠী বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের রাশেদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যান। পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সঙ্গে তাদের বহনকারী যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, মাদরাসার শিক্ষার্থী ও নিহতের স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ন্যায়বিচারের দাবিতে লক্ষ্মীপুর-চৌরাস্তা সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আহতদের মধ্যে আরও একজন পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা চালকসহ কাভার্ডভ্যানটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন