মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী গণবিক্ষোভ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কালীগঞ্জ-টঙ্গী সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষ এবং বিপুলসংখ্যক তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া সমাজ কল্যাণ সংঘ, তুমলিয়া গ্রামবাসী ও যুবসমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘তুমলিয়াবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘মাদকের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’-এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভকারীদের হাতে ছিল মাদকবিরোধী বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। সেগুলোতে ‘মাদকমুক্ত সমাজ, আমাদের অধিকার’, ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান’, ‘দেশের যুবসমাজকে বাঁচান’, ‘নেশা ছেড়ে কলম ধরো’, ‘মাদক ব্যবসায়ী হুঁশিয়ার’, ‘মাদক নয়, মেধা চাই’ এবং ‘সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি’সহ নানা সচেতনতামূলক স্লোগান লেখা ছিল। পরে বিক্ষোভকারীরা কালীগঞ্জ-টঙ্গী সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা মাদক ব্যবসা ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। কর্মসূচি শেষে সড়কের পাশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে যুবসমাজের প্রতিনিধি ও এলাকার প্রবীণ ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং তরুণদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন