সারা দেশে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে দুজন, গাইবান্ধায় দুজন ও চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন। রূপালী বাংলাদেশের প্রতিনিধিদের পাঠানো খবরÑ
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, শিক্ষক খালেকুল আজাদ মুক্তাগাছা পৌর শহরের হৃদয় মোড়ে পরিবার নিয়ে বসবাস করতেন। বেলা সাড়ে ১২টার দিকে গ্রামের বাড়ি রৌহারচরের সড়কে হাঁটাহাঁটি করার একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সকালে গফরগাঁওয়ের লামকাইন গ্রামে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিল সিয়াম। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এ সময় হঠাৎ করেই বজ্রপাতে সিয়াম গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নান্দবার গ্রামে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন