গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি সেতুতে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসির বাসটিকে সজোরে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেনÑ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে কালাম (৩০)।
আহতদের মধ্যে আরও একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন