নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ফল উৎসবের সভামঞ্চে গতকাল শনিবার দুপুরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় জাতীয় যুবশক্তি রূপগঞ্জ শাখার যুগ্ম সদস্যসচিবসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এগিয়ে আসেন বলে দাবি করা হয়েছে।
এনসিপির নারায়ণগঞ্জ জেলা দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন তারেক জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল-আমীনসহ কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
তাদের অভিযোগ, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে হঠাৎ করে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে একদল হেলমেটধারী ব্যক্তি সভামঞ্চে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এতে জাতীয় যুবশক্তি রূপগঞ্জ শাখার যুগ্ম সদস্যসচিব আল ফারাবীসহ কয়েকজন আহত হন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
পরে সেখানের ওই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচনে জয়ের জন্য সরকার নির্বাচনের আগে হ্যাঁ ভোটের জন্য বিভিন্ন জনসভায় জনগণকে অনুরোধ করেছে, কিন্তু ৭৫ শতাংশ হ্যাঁ ভোটের পর তারা পল্টি দিয়েছে। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ।
শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল ৩টায় ওই সভামঞ্চে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাত এক-দেড়শ যুবক সভামঞ্চ ভাঙচুর করে।
এ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, শেখ হাসিনার মতো গু-ার মোকাবিলা করেছি। আর কোনো গু-া আমাদের ভয় দেখাতে পারবে না।
তিনি বলেন, আমি রূপগঞ্জের প্রেমে পড়ে গেছি। কিন্তু জানতে পারলাম এই রূপগঞ্জে মাদক কারবার, সন্ত্রাসী ও ভূমিদস্যুতায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আমি কথা দিচ্ছিÑ এনসিপি ক্ষমতায় এলে রূপগঞ্জে এই সমস্যা আগামী দিনে আর থাকবে না।
অনুষ্ঠানে উপজেলা এনসিপি নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দপ্তর শেলের সাখাওয়াত হোসেন তারেকসহ বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন