ভালো নেই এক সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা কাজী উজ্জ্বল। গত এক বছর ধরে যশোরের মণিরামপুর গ্রামের বাড়িতে বসবাস করছেন তিনি। আগের মতো ঠিকমতো কথা বলতে পারছেন না এই অভিনেতা। গত এক বছরে তিনবার ব্রেন স্ট্রোক করেছেন বলে রূপালী বাংলাদেশকে জানিয়েছেন তিনি।
এই অভিনেতা বলেন, ‘গত এক বছর ধরে আমি অসুস্থ। এরই মধ্যে তিনবার ব্রেন স্ট্রোক করেছি। এখন কিছুটা ভালো। কিছুদিন আগে ঠিকমতো কথাও বলতে পারতাম না। আমার অসুস্থতার কথা শুনে আমার স্ত্রী বিদেশ থেকে চলে এসেছে। আমরা দুজন এবং কিছু ভক্তের সঙ্গে আড্ডা দিয়ে ভালো থাকার চেষ্টা করছি।’
৬৫ বছর বয়স হয়েছে উল্লেখ করে উজ্জ্বল বলেন, ‘অনেকদিন তো বাঁচলাম আর বাঁচতে চাই না। আমার অর্পিত দায়িত্বগুলো পালন করেছি। আর দুটি দায়িত্ব পালন করতে পারলেই আমি মুক্ত। দীর্ঘদিনের স্বপ্ন একটা বৃদ্ধাশ্রম করার। আমার ছেলে জানিয়েছে এটি করে দিবে আমি বেঁচে না থাকলেও। যে কারণে নিজের কাছে হালকা লাগছে। আরেকটি হচ্ছে আমার বাগানবাড়িতে একশ নারিকেলগাছ রোপণ করব। আমার বাগানবাড়িতে সারা বিশ্বের সব ফলের গাছ আছে। এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি গাছ রোপণ করেছি। এখন প্রকৃতির সঙ্গে আমার বসবাস। পরবর্তী প্রজন্মের জন্য এই গাছগুলো লাগাতে চাই।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে একশ ভালো জাতের সঠিক নারিকেলগাছ চাই। টাকা দিয়েই গাছগুলো কিনে নেব। কৃষি উন্নয়ন করপোরেশন গাছ আনে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সঠিক গাছ নিতে চাই।’
অসুস্থ থাকলেও সহকর্মীরা খোঁজ রাখেন বলে জানান কাজী উজ্জ্বল। বললেন, ‘সবাই খোঁজ নেওয়ার জন্য ফোন করে কিন্তু আমারই কথা বলতে অসুবিধা হয়। কয়েকদিন ধরে কিছুটা সুস্থ লাগছে।’
অভিনয় মিস করেন কিনা জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘দীর্ঘ সময় নানা চরিত্রে অভিনয় করেছি। কিন্তু গত এক বছরেরও বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে। অভিনয় ভীষণ মিস করি। যদি আবার সুস্থ হয়ে অভিনয়ে ফিরতে পারতাম।’
সেবামূলক কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত ৬১ বার রক্ত দিয়েছি। শুরুটা হয়েছিল ১৮ বছর বয়সে। সবধরনের মানুষকে রক্ত দিয়েছি। শেষ বয়সে একশ নারিকেলগাছ রোপণ করে যেতে চাই। এর চেয়ে বেশি কিছু আমার চাওয়ার নেই।’
কাজী উজ্জ্বল ছিলেন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা। আশির দশকে চাকরি ছেড়ে অভিনয় শুরু করেন। ১৯৮৫ সালে মামুনুর রশীদের হাত ধরে মঞ্চ নাটকের মাধ্যমে তার পথচলা শুরু হয়। নব্বইয়ের দশকের শুরুতে মামুনুর রশীদের সঙ্গেই প্রোডাকশনে কাজ শুরু করেন কাজী উজ্জ্বল। সে সময় বিটিভির জন্য ‘সুপ্রভাত ঢাকা’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেন। এতে অভিনয়ের মাধ্যমে প্রথম সবার নজরে আসেন তিনি।
অভিনয় ক্যারিয়ারে প্রায় ছয়শ নাটকে কাজ করেছেন কাজী উজ্জ্বল। আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দরিয়া পাড়ের দৌলতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় নাম লেখান। তিনি সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ১৫টি সিনেমায় অভিনয় করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন