আগামীকাল ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। এই হাইভোল্টেজ নির্বাচনের ঠিক আগের মুহূর্তগুলোতে দেশের ক্রিকেট পাড়ায় ছড়িয়েছিল নানা গুঞ্জন। বিশেষ করে, আইসিসি সভায় অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের অনুপস্থিতি এবং পরবর্তীতে আইসিসির প্রতিনিধিদলের আকস্মিক বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল শনিবার বিষয়টি পরিষ্কার করেছেন তামিম ইকবাল।
তামিম ইকবাল বলেন, আইসিসি প্রতিনিধিদল এখানে এসে স্টেকহোল্ডার সবার সঙ্গেই কথা বলেছেন। আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় মিটিং করেছেন, নির্বাচন কীভাবে হবে-না-হবে তা নিয়ে। এমনকি ওনারা আমার সঙ্গেও বিস্তারিত কথা বলেছেন।
তিনি আরও যোগ করেন, ওনারা বলেছেন যে ফিরে গিয়ে নিজেরা আলোচনা করে আবার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সেই সিদ্ধান্ত ও প্রক্রিয়াকে সম্মান জানাই। আর এর মাঝখানে যেসব রিউমার (গুঞ্জন) ছড়িয়েছিল, সেগুলো কিন্তু আইসিসি নিজেই ক্লিয়ার করে দিয়েছে যে, এ ধরনের কোনো নেতিবাচক আলোচনা বা কথা কাউকে বলা হয়নি।
তিনি আরও বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়, যখন লাস্ট ইলেকশন হয়েছে, আমিও অনেক কিছু বলেছি। কিন্তু আমি কখনোই কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি প্রসেস (প্রক্রিয়া) এবং নির্বাচন কীভাবে হয়েছে, তা নিয়েই ম্যাক্সিমাম কথা বলেছি। কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না।’
ক্রিকেটারদের প্রতি সম্মান প্রদর্শন এবং সুস্থ সমালোচনার পরিবেশ বজায় রাখার তাগিদ দিয়ে তামিম বলেন, প্রত্যেকের সম্মান প্রত্যেকের জায়গায়। আমরা সব সময় সেটা মেনটেইন করে চলার চেষ্টা করি। কিন্তু আনফরচুনেটলি (দুর্ভাগ্যবশত), ইদানীং অনেকেই সেটা করছেন না। যখন ক্রিকেট বা খেলোয়াড়দের বিষয়ে কথা বলা হচ্ছে, তখন কীভাবে এবং কী ভাষায় কথা বলা হচ্ছে, আশা করি সবাই সেটা শুনেছেন এবং খেয়াল করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন