রাজধানীর মতিঝিলে দিনদুপুরে লোকমান হোসেন (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের গুলিতে মো. লোকমান নামের ‘মানি এক্সচেঞ্জ’ (মুদ্রা বিনিময়) ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর-সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন। গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে চলে যায় অস্ত্রধারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। ওই ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল বলে ভাষ্য ভুক্তভোগীর।
ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় তিনটি বাইকে করে ৬ জন এসে তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে দেশি-বিদেশি মুদ্রা ও ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। ওই ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তির কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল দুজন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই ব্যক্তিকে গুলি করা হয়। এ সময় আশপাশে থাকা লোকজন দৌড়ে পালান। পরে গুলিবিদ্ধ ব্যক্তির কাছ থেকে ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় ওই দুই ছিনতাইকারী। ওই ব্যাগে কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘৬ জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে এসে লোকমান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা একটি মুদ্রার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।’
আহত ব্যবসায়ীর বরাতে মতিঝিলের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলে একাধিক মোটরসাইকেল ছিল। কারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্যাগে দেশি-বিদেশি মুদ্রা ছাড়াও ১৭ হাজার ডলার ছিল বলে তিনি আমাদের জানিয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় মুদ্রার খুচরা ব্যবসা করতেন।’
পুলিশ সূত্রে জানা গেছে, লোকমানকে অনুসরণ করছিল ছিনতাইকারী চক্রটি। জনতা ব্যাংকের সামনে আসামাত্রই একটি মোটরসাইকেলে দুজন এসে লোকমানের গতি রোধ করে। এরপর গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। তবে ওই ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন