আগামীকাল মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ। এক মাসজুড়ে বিশ্বের কোটি কোটি দর্শকের চোখ থাকবে মাঠের দিকে, যেখানে গ্রহের সেরা ফুটবলাররা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবেন। ফুটবলপ্রেমীদের জন্য এটি আবেগ, নাটকীয়তা ও ইতিহাস রচনার মঞ্চ। সাধারণ মানুষের মতো এ খেলায় নিয়ে আগ্রহ রয়েছে বাংলাদেশের তারকাদেরও। ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম আর্জেন্টিনার সমর্থক।
বর্তমান চ্যাম্পিয়ন দলের সমর্থক হিসেবে মমর প্রত্যাশা এবার আকাশচুম্বী। তিনি বলেন, ‘এবারও দল ভালো ফর্মে থাকায় আমি ভীষণ খুশি। খেলা দেখার সময়টা একটু কঠিন, ভোরবেলা হলেও আর্জেন্টিনার কোনো ম্যাচই মিস করব না। চ্যাম্পিয়ন ট্রফিটা ধরে রাখার জন্য দলের প্রতি রইল ভালোবাসা।’
বাসায় প্রতিপক্ষ আছে কিনা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমার ছেলে ব্রাজিল সমর্থন করে। বাসায় প্রতিপক্ষ থাকায় খেলা বেশ উপভোগ করি। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা হেরে গেলে আমরা উভয়ই মন খারাপ করি। প্রতিপক্ষ থাকা আনন্দের। আপন মানুষ হলে আরও বেশি আনন্দের হয়।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন