যশোরের মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমামুল হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পেছনে এ ঘটনা ঘটে। নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফরাসাতপুর গ্রামের মৃত রহিম সর্দারের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাগ্নে সাদ্দাম হোসেন জানান, ইমামুলের নাতনি সুমাইয়াকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার ওই কিশোরীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হয়। বিষয়টির প্রতিবাদ করায় রাব্বি ও তার সহযোগীরা ইমামুলের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। গত সোমবার রাতে শরমপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পেছনে একা পেয়ে রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ইমামুলকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মনিরামপুর থানার ওসি আবু সাঈদ বলেন, ‘নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমামুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন