ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ ও পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলার জবাবে ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনাগুলোতে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করার পর মস্কো এই বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে। খারকিভ অঞ্চলের চুহুইভ শহরে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ দুজন নিহত এবং ছয়জন আহত হন। হামলায় আবাসিক ভবন ও দোকানপাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে খারকিভ শহরে পৃথক ড্রোন হামলায় শিশুসহ আরও ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, দোনেৎস্ক অঞ্চলের বিলোজেরস্কে ও দ্রুঝকিভকায় রুশ হামলায় দুজন নিহত হয়েছেন।
এ ছাড়া স্লোভিয়ানস্ক ও শাবেলকিভকায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে যুদ্ধের মধ্যেও কূটনৈতিক তৎপরতা জোরদারের আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক এবং মার্কিন বিশেষ দূতদের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহগুলোতে যুদ্ধ বন্ধে কূটনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা অব্যাহত থাকবে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতারাও ইউক্রেনের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তবে সরাসরি বৈঠকের ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জানিয়েছেন, আলোচনার আগে বিশেষজ্ঞ পর্যায়ে সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন। চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নতুন প্রাণহানি আবারও প্রমাণ করল, যুদ্ধক্ষেত্রে গোলাবারুদের শব্দ এখনো কূটনীতির ভাষাকে ছাপিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন