রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে অভিযানের সময় আদাবর থানার ওসিসহ দুই কর্মকর্তাকে কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন দুই ছিনতাইকারী। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান বলছেন, গতকাল মঙ্গলবার বিকেলে আসামি ধরতে গিয়ে ঢাকা উদ্যানের কাছে তাদের একটি দল আক্রান্ত হয়। আসামিরা পুলিশ দেখে ওসি ও একজন এএসআইয়ের ওপর হামলা চালান। এতে তারা আহত হন।
পুলিশ জানায়, ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপপরিদর্শক (এএসআই) তরুণ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে রুবেল, কাশেম, আমির ও জয় নামের চারজনকে। তাদের মধ্যে আমির ও রুবেল পুলিশের গুলিতে আহত হয়েছেন।
এর আগে বেলা ১১টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের মাথায় এক ‘বিকাশ’ এজেন্টকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা লুট করে ছিনতাইকারীরা। মোবাইলে আর্থিক সেবা কোম্পানি ‘বিকাশ’-এর এজেন্ট শফিকুল ইসলাম (৩৯) বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) অর্থাৎ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
শফিকুলের বরাতে তার বড় ভাই মুসলিম হোসেন বলেন, দুজন যুবক আমার ভাইয়ের দোকানে এসে দোকানের ক্যাশে হাত দিয়ে জোর করে টাকা নেওয়ার চেষ্টা করলে ভাই প্রথমে বাধা দেয়। তখন তাকে চাপাতি দিয়ে কুপিয়ে ক্যাশে থাকা সব টাকা নিয়ে যায়। ক্যাশে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিল বলে শফিকুলের কাছ থেকে জেনেছেন তার ভাই মুসলিম। তিনি বলেন, দুর্বৃত্তরা চাপাতি দিয়ে শফিকুলের বাঁ হাত, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। তার অপারেশন চলছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, দুর্বৃত্তরা টাকাসহ মোবাইল ফোনও নিয়ে গেছে। আশপাশের সিসি টিভির ভিডিও সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন