বিশ্বকাপ ফুটবলের আসর জমে উঠেছে। শিরোপার লড়াইয়ে শামিল হতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গ্রুপ ‘জে’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। কাতার বিশ্বকাপ ফুটবল আসরের সেই অবিস্মরণীয় মহাকাব্যের পর আবারও একই মঞ্চে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ফুটবলে লাতিন আমেরিকার মহাদৈত্যরা এবার উত্তর আমেরিকার মাটিতে পা রেখেছে এক দীর্ঘ অপরাজেয় যাত্রার আত্মবিশ্বাস নিয়ে। বাছাই পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা শেষ ৭টি ম্যাচের সব কটিতেই জিতেছে, যেখানে গোল হজম করেছে মাত্র একটি! আজ সকালে মাঠে নামলেই ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার রাজকীয় মিশনে এক ধাপ এগিয়ে যাবে আলবিসেলেস্তেরা।
ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-আলজেরিয়া : আজকের এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসের কারণে। পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনা ও আলজেরিয়া ১৯ বছর আগে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছিল। মজার ব্যাপার হলো, এবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে লড়বে তারা।
দুই দলের একমাত্র সাক্ষাতের স্মৃতিটি ২০০৭ সালের জুনের। স্পেনের বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলে আলজেরিয়াকে পরাজিত করেছিল। সেই রোমাঞ্চকর ম্যাচে আলবিসেলেস্তেদের তৎকালীন তরুণ তারকা লিওনেল মেসি জোড়া গোল করেছিলেন। এ ছাড়া বাকি দুটি গোল করেছিলেন কার্লোস তেভেজ ও এস্তেবান কাম্বিয়াসো।
তবে প্রতিপক্ষ আলজেরিয়াকে হালকাভাবে নিলে বড় ভুল করবে চ্যাম্পিয়নরা। ২০১৪ সালের পর প্রথম বিশ্বকাপে সুযোগ পাওয়া ভøাদিমির পেটকোভিচের দল আফ্রিকান বাছাই পর্বে রীতিমতো আগুন ঝরিয়েছে। সম্প্রতি নেদারল্যান্ডস ও বলিভিয়ার মতো দলকে হারিয়ে চমকে দেওয়া আলজেরিয়া শেষ ৬ ম্যাচে গোল খেয়েছে মাত্র ২টি। রিয়াদ মাহরেজদের আক্রমণভাগ যেকোনো মুহূর্তে আর্জেন্টিনার রক্ষণ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।
মেসি ম্যাজিক : বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলার রেকর্ড মেসির দখলে, যেখানে তার নামের পাশে রয়েছে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ১৫টি গোলের ১০টিতেই (৭ গোল, ৩ অ্যাসিস্ট) সরাসরি অবদান ছিল তার।
স্কালোনির কীর্তি : আর্জেন্টিনার একমাত্র কোচ হিসেবে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতার অনন্য রেকর্ড স্কালোনির। কার্লোস বিলার্দোর (১৯৮৬ ও ১৯৯০) পর তিনিই প্রথম আর্জেন্টাইন কোচ, যিনি টানা দুটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ এবং লিওনেল মেসি।
আলজেরিয়ার সম্ভাব্য একাদশ : জিনেদিন জিদান (গোলরক্ষক), বেলঘালি, আইসা মান্দি, সামির চেরগি, রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, রিয়াদ মাহরেজ, মাজা, মোহাম্মদ আমৌরা এবং আমিন গুইরি।
বিশ্বকাপে ইংল্যান্ডকে সমর্থন করছেন প্রধানমন্ত্রী : সারা বিশ্বের সঙ্গে ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনায় মেতেছে বাংলাদেশও। শহর থেকে গ্রামÑ সব জায়গায় এখন ফুটবল নিয়ে মুখর আলোচনা ও বিশ্লেষণ। বিশ্বকাপে কে কোন দলের সমর্থক এবং কার হাতে উঠবে সোনালি ট্রফি, তা নিয়ে চায়ের টেবিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্কের শেষ নেই। এ তুমুল উন্মাদনার আবহে এবার জানা গেল খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলকে সমর্থন করছেন। সরাসরি কোনো দেশের নাম মুখে না আনলেও প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ ইঙ্গিত ধরে নেটিজেন ও ফুটবলপ্রেমীদের বুঝতে বাকি নেই তার প্রিয় দল কোনটি।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপ ফুটবল চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে। আপনি কোন দেশকে সমর্থন করেন? তারেক রহমান সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই পারছেন’। পরে ওই সাংবাদিকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো।’
২০০৮ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর চিকিৎসার জন্য বাংলাদেশ ছাড়েন তারেক রহমান। পরবর্তীতে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস শুরু করেন। বিদেশে ১৭ বছর কাটানোর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর পরিবারসহ দেশে ফেরেন তিনি।
কাল বৃহস্পতিবার ১৮ জুন রাত ২টায় ইংল্যান্ডের প্রথম খেলা ক্রোয়েশিয়ার সঙ্গে। গত ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে। সবচেয়ে বড় এই ৩৯ দিনের টুর্নামেন্টে এবার রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে বিশ্বকাপের পর্দা নামবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন