তীব্র তাপপ্রবাহে ইউরোপের বিভিন্ন দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও বলকান অঞ্চলের কয়েকটি দেশে অস্বাভাবিক গরমের কারণে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, চলতি সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফ্রান্সে ৪৯টি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা এবং ৪০টি অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রচ- গরমের কারণে ৮ শতাধিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে এবং প্রায় ১ হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বেলজিয়ামে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কিছু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যেও উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি রয়েছে। যুক্তরাজ্যে কয়েকটি এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেন ও পর্তুগালে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও বলকান অঞ্চলের বিভিন্ন দেশেও তীব্র গরম অব্যাহত থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এ ধরনের চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে। তারা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি জনস্বাস্থ্য, পরিবহনব্যবস্থা, অবকাঠামো ও জরুরি সেবার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। ফলে জনগণকে পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ যতœ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন