ঢাকার ফকিরাপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার জন্য আগামী ৩০ জুন তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন হলেও এক নির্মম দুর্ঘটনায় মুহূর্তেই থেমে গেল তার স্বপ্নযাত্রা।
রোববার (২২ জুন) রাত ১১টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
শাওনের বন্ধু আনিফ জানান, রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বন্ধুরা দুটি মোটরসাইকেলে করে ওয়ারীর উদ্দেশে রওনা হন। ফকিরাপুল এলাকায় পৌঁছালে শাহজাহান নামে এক পথচারী হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তারা। এতে শাওন ও ওই পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। আহত পথচারী শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনিফ আরও জানান, আগামী ৩০ জুন উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল শাওনের। প্রয়োজনীয় সব কাগজপত্র, প্রস্তুতি ও অর্থ পরিশোধের কাজও সম্পন্ন হয়েছিল। কিন্তু দুর্ঘটনায় তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
নিহত শাওনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার বড় দেওড়া আনসার আলী রোড এলাকায়। তিনি লুৎফুর রহমান ও সুলতানা আক্তারের একমাত্র সন্তান। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর মগবাজারের মধুবাগ (মিরবাগ) এলাকায় বসবাস করতেন।
ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা সুলতানা আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, একটু আগেও আমি নিজের হাতে ছেলেকে ভাত মাখিয়ে খাইয়েছি। আর মাত্র আট দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষ, অথচ আজ সে আমাদের ছেড়ে চলে গেল। এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথা ও বাম চোখের ওপর গুরুতর আঘাতের কারণেই শাওনের মৃত্যু হয়েছে। এদিকে দুর্ঘটনায় আহত পথচারী শাহজাহানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন