নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি শিল্প-কারখানায় সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় আট দিন পর চট্টগ্রাম থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া দুটি বড় কম্প্রেসার মেশিন ও দুটি মোটর উদ্ধার করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, গত ১২ ও ১৩ জুন তারাবো পৌরসভার বরপা বাজার এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ এবং বরাবো এলাকার এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিটে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ পরিচয়ে ২০-২৫ জনের একটি ডাকাত দল ওই দুই প্রতিষ্ঠানে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা, মোটরসাইকেল, বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের প্রায় ৬৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রের সদস্যদের শনাক্ত করে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান চালানো হয়। পরে অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে লুট হওয়া দুটি বড় কম্প্রেসার মেশিন ও দুটি মোটর উদ্ধার করা হয়। ওসি আরও জানান, ডাকাত চক্রের অধিকাংশ সদস্যকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন