মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পণ্যবাহী কাভার্ড ভ্যান থেকে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ কেজি জিরা লুটের ঘটনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল পৌর শাখার সদস্যসচিব জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে পণ্য ছিনতাইয়ের অভিযোগে তাকে আটক করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী আফজালুর রহমানের ১৬০ বস্তা জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান গত ১৬ জুন বিকেলে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছায়। এ সময় অভিযুক্ত জাহেদ আলী ও তার সহযোগীরা ড্রাইভার ও হেলপারকে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ নেয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তী সময়ে শহরতলির উত্তরসুর এলাকায় ড্রাইভার ও হেলপারকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর ৪ হাজার ৮০০ কেজি জিরা, ২০ হাজার টাকা নগদ অর্থ, দুটি স্মার্টফোন এবং কাভার্ড ভ্যানটি নিয়ে যায় অভিযুক্তরা।
ব্যবসায়ী আফজালুর রহমান জানান, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই শেষে তিনি শনিবার রাতে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে শনিবার রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলু পালের নেতৃত্বে একটি দল শহরের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহেদ আলীকে গ্রেপ্তার করে। তিনি শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আসামিকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহেদ আলী শ্রীমঙ্গল পৌর জাসাসের সদস্যসচিব ছিলেন। তবে গত বছরের জুলাই মাসে চাঁদাবাজির অভিযোগে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং লুট হওয়া পণ্য ও যানবাহন উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন