নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। তাই নতুন প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, বিগত সরকার গত ১৭ বছর শিক্ষার নামে বিভিন্ন তামাশা করেছে। তারা চেয়েছিল এ দেশের শিক্ষার মান যেন নিচে নেমে যায়, তা হলেই বাংলাদেশকে ধ্বংস করা যাবে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কাজ করছেন। শিশুরা যেন গর্বের সঙ্গে বাঁচতে পারে, সেজন্য শিক্ষাকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় গতকাল বৃহস্পতিবার প্রস্তাবিত বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল ও খেলার মাঠের জন্য জমিদান ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্কুল ও খেলার মাঠ নির্মাণের জন্য ১০৩ শতাংশ জমি রেজিস্ট্রির মাধ্যমে সংসদ সদস্যের কাছে হস্তান্তর করেন নবারুণ জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কুমার মোদী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, আশীষ কুমার মোদী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। রূপগঞ্জের শিক্ষা, ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে উপজেলাকে একটি আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন