× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধর, মহাসড়ক অবরোধ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:২৬ এএম

অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধর, মহাসড়ক অবরোধ

নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসকে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা মালিক সমিতির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ৪৫ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, স্থানীয় বাস মালিক গ্রুপের সহায়তায় মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করেন। তাদের অভিযোগ, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা চলাচলে বিধিনিষেধ রয়েছে। তবে অটোরিকশা মালিক সমিতির দাবি, প্রশাসনের নিয়ম মেনেই তারা চলাচল করছেন। এই নিয়ম বাস্তবায়ন ও যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটরশ্রমিক ও অটোরিকশা মালিকদের মধ্যে উত্তেজনা চলছিল।

ভুক্তভোগী সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস অভিযোগ করেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় সড়কে যাত্রী ওঠানোর সময় মোটরশ্রমিক ইউনিয়নের লোকজন তাকে অতর্কিতে মারধর করেন। এর প্রতিবাদেই বিক্ষুব্ধ চালক ও মালিকেরা মহাসড়ক অবরোধ করেন।

অটোরিকশা মালিক সমিতির সভাপতি আল মামুন বলেন, মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা নিয়মিত অটোরিকশাচালকদের সঙ্গে দুর্ব্যবহার ও অহেতুক বাধা সৃষ্টি করছেন। আজকের এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মান্দা শাখার সহসভাপতি রুকনুজ্জামান গামা বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের নিয়ম অমান্য করা নিয়ে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, এর চেয়ে বেশি কিছু নয়।

খবর পেয়ে মান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, ‘আমরা উভয় পক্ষের অভিযোগ শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!