রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে ইউক্রেনের ড্রোন হামলার পর ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ইউক্রেনের দাবি, হামলায় শহরের প্রধান বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। মস্কো-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও দৈনন্দিন জীবন ব্যাহত করতেই এ হামলা চালানো হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে বলে জানান তিনি। কর্তৃপক্ষ বাসিন্দাদের বিদ্যুৎ ও মুঠোফোনের চার্জ সাশ্রয় করে ব্যবহার করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে তীব্র গরমের মধ্যে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনের মনুষ্যবিহীন যুদ্ধব্যবস্থা বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভডি দাবি করেছেন, অভিযানে ৪৮টি সক্রিয় ও পরিকল্পিত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ সময় বাখচিসারাই, কের্চ ও আই-পেট্রি এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হামলার প্রভাবে ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহেও চাপ তৈরি হয়েছে। রাশিয়া-সমর্থিত প্রশাসনের প্রধান সের্গেই আকসিওনভ সাময়িকভাবে পেট্রোল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন। আতঙ্কে অনেক মানুষ প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনতে শুরু করায় কিছু এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটের খবরও পাওয়া যাচ্ছে। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের পোলতাভস্কায়া তেল ডিপোতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর ইউক্রেন থেকে ছোড়া ৩০০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া তাদের ভূখ-ে ১০১টি ড্রোন পাঠিয়েছিল, যার অধিকাংশই প্রতিহত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন