× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:৫১ এএম

সম্পাদকীয়

আধুনিক পুলিশ, নিরাপদ আগামীর প্রত্যাশা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:৫১ এএম

আধুনিক পুলিশ, নিরাপদ আগামীর প্রত্যাশা

রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানগুলোর একটি হলো পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ হিসেবে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন যেমন বদলেছে, তেমনি বদলেছে মানুষের প্রত্যাশাও। নাগরিকরা এখন শুধু অপরাধ নিয়ন্ত্রণ নয়, দ্রুত, সহজ, স্বচ্ছ ও মানবিক সেবা প্রত্যাশা করেন। সেই বাস্তবতায় বাংলাদেশ পুলিশ গত কয়েক বছরে প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের যে পথচলা শুরু করেছে, তা নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

একসময় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে গিয়ে নাগরিকদের নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হতো। দূর-দূরান্ত থেকে মানুষকে থানায় কিংবা সংশ্লিষ্ট কার্যালয়ে বারবার যেতে হতো। কিন্তু ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেই চিত্রকে দ্রুত বদলে দিয়েছে। বর্তমানে অনলাইনে জিডি করা, পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন, ফি পরিশোধ এবং সনদ সংগ্রহের মতো সেবাগুলো ঘরে বসেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এতে শুধু সময় ও অর্থের সাশ্রয়ই হচ্ছে না, বরং জনসেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও বৃদ্ধি পাচ্ছে।

বিশ্বজুড়ে প্রযুক্তির বিস্তারের সঙ্গে অপরাধের ধরনও পাল্টে গেছে। একসময় অপরাধ বলতে আমরা বুঝতাম চুরি, ডাকাতি, ছিনতাই কিংবা হত্যাকা-। কিন্তু বর্তমানে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিজিটাল আর্থিক জালিয়াতি, পরিচয় চুরি, হ্যাকিং এবং আন্তর্জাতিক অপরাধচক্রের কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েক মিনিটে একটি প্রতারক চক্র হাজার হাজার মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে, ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাৎ করতে পারে কিংবা বিদেশে বসে দেশের নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলতে পারে। এই নতুন বাস্তবতায় প্রযুক্তিগত সক্ষমতা ছাড়া কার্যকর পুলিশিং কল্পনা করা সম্ভব নয়।

আশার কথা হলো, বাংলাদেশ পুলিশ এই পরিবর্তিত বাস্তবতাকে উপলব্ধি করে নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন, আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাব, তথ্য বিশ্লেষণ ব্যবস্থা এবং বিশেষায়িত তদন্ত টিম গঠনের মাধ্যমে অপরাধ দমনের নতুন সক্ষমতা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনলাইন প্রতারণা, ভুয়া বিনিয়োগ প্রকল্প, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক জালিয়াতি এবং ওয়েবসাইট ক্লোনিংয়ের মতো জটিল অপরাধ উদ্ঘাটনে এসব ইউনিট গুরুত্বপূর্ণ সাফল্য দেখিয়েছে।

পুলিশি তদন্তেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। অতীতে অনেক তদন্তই নির্ভর করত সাক্ষ্য, স্বীকারোক্তি কিংবা সীমিত তথ্যের ওপর। এখন ডিএনএ পরীক্ষা, ডিজিটাল ফরেনসিক, মোবাইল ডেটা বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ, জিপিএস ট্র্যাকিং এবং বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ব্যবহার তদন্তকে আরও নির্ভুল ও গ্রহণযোগ্য করে তুলছে। এতে প্রকৃত অপরাধী শনাক্ত করা যেমন সহজ হচ্ছে, তেমনি নিরপরাধ ব্যক্তির হয়রানির ঝুঁকিও কমছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তবে প্রযুক্তির সাফল্যের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন সাধারণ মানুষ এর সুফল বাস্তবে অনুভব করবেন। একজন নাগরিক থানায় গিয়ে যদি সম্মানজনক আচরণ পান, তার অভিযোগ দ্রুত গ্রহণ করা হয়, তদন্ত নিরপেক্ষভাবে পরিচালিত হয় এবং প্রয়োজনের সময় তিনি পুলিশের সহযোগিতা পানÑ তবেই আধুনিকায়নের পূর্ণতা আসবে। কারণ প্রযুক্তি সেবার গতি বাড়াতে পারে, কিন্তু মানুষের বিশ্বাস অর্জনের জন্য প্রয়োজন মানবিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ।

আমরা মনে করি, বাংলাদেশ পুলিশের চলমান আধুনিকায়ন কার্যক্রম দেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে। ডিজিটাল সেবা সম্প্রসারণ, সাইবার সক্ষমতা বৃদ্ধি, বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির ব্যবহার এবং তথ্যভিত্তিক অপরাধ বিশ্লেষণ আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলমান সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ ভবিষ্যতে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হবে, যা অপরাধীর কাছে কঠোর, কিন্তু সাধারণ মানুষের কাছে হবে নিরাপত্তা, আস্থা ও মানবিকতার প্রতীক। একই সঙ্গে এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে প্রয়োজন দক্ষ মানবসম্পদ তৈরি, নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন এবং জনমুখী সেবার সংস্কৃতি প্রতিষ্ঠা।

রূপালী বাংলাদেশ

Link copied!