ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, ‘দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ এবং বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। এই মহানগরী ভালো মানুষের জন্য আরও বসবাসের উপযোগী হবে। এ লক্ষ্যেই নিরলসভাবে কাজ করছে আরএমপি (রাজশাহী মেট্রোপলিটান পুলিশ)।’
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘৩৪ বছর আগে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে এই বাহিনী। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘেœ থাকতে পারে, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ এ সময় আরএমপির সব পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।
উদ্বোধনী আলোচনা শেষে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন