ময়মনসিংহ নগরীতে কৌটা (বয়াম) পছন্দ না হওয়াকে কেন্দ্র করে ফার্মেসির লোকজনের হামলায় এক পুলিশ সদস্য ও তার ভগ্নিপতি আহত হয়েছেন। এ সময় পুলিশ সদস্যকে কেঁচি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত পুলিশ সদস্য মাসুম বিল্লাহ ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত। তার সঙ্গে থাকা ভগ্নিপতি আক্রাম হোসেনও হামলায় আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর চরপাড়া এলাকার সাবেক জনতা ব্যাংকের পেছনের গলিতে অবস্থিত ‘ভাই ভাই সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নার’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরীর একটি হাসপাতালে মাসুম বিল্লাহর মামার টিউমারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর টিউমার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় কৌটা কিনতে তিনি তার ভগ্নিপতি আক্রাম হোসেনকে সঙ্গে নিয়ে চরপাড়ার ওই ফার্মেসিতে যান। দোকান থেকে একটি কৌটা দেওয়া হলে সেটি পছন্দ না হওয়ায় মাসুম বিল্লাহ কৌটাটি ফেরত দিতে চান। এ নিয়ে দোকানির সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফার্মেসির লোকজনের সঙ্গে তাদের বাগবিত-া হয়।
অভিযোগ রয়েছে, ঝগড়ার একপর্যায়ে দোকানের লোকজন কেঁচি দিয়ে পুলিশ সদস্য মাসুম বিল্লাহর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে তিনি নিজেকে রক্ষা করতে সেখান থেকে সরে গেলে তার ভগ্নিপতি আক্রাম হোসেনকে একা পেয়ে মারধর করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. জবায়দুল হক বলেন, পুলিশ সদস্য ও তার ভগ্নিপতিকে কেঁচি দিয়ে আঘাত করা হয়েছে। রাত ১১টার দিকে মাসুম বিল্লাহকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার ৬ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে, বিশেষ করে ঘাড়ে কেঁচির আঘাতে বড় ধরনের ক্ষত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, কৌটা কেনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য ও তার আত্মীয়ের সঙ্গে ফার্মেসির লোকজনের বিরোধ হয়। পরে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন