নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, দখল ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র এই তা-ব চালাচ্ছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল বুধবার সকালে নোয়াখালী জেলা শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মো. সুমন ও তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. সুমন জানান, গত ৬-৭ বছর ধরে তার পৈতৃক জমি ও বসতবাড়ি দখলের পাঁয়তারা করছে স্থানীয় মো. কামাল, মো. জামাল, মো. বাকের, সাবিছ উদ্দিন, মো. বোরহান ও আলাউদ্দিনের নেতৃত্বে একটি চক্র। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা নিজেদের বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
সুমন অভিযোগ করে বলেন, ‘গত ১৮ এপ্রিল উত্তর ওয়াপদা বাজারে আমাকে মারধর করা হয়। পরবর্তীতে সুধারাম থানায় সাধারণ ডায়েরি করা হলেও অভিযুক্তরা থেমে থাকেনি। গত ১৯ মে তারা জমিতে মাটি কাটতে বাধা দেয় এবং ২২ মে ভোররাতে আমাদের বসতঘর ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি।’
সর্বশেষ গত ৬ জুলাই সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তরা সুমনের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে জোরপূর্বক ঘর দখল করে নেয় সন্ত্রাসীরা। এ ছাড়া রান্নাঘর ও বাথরুম ভেঙে ফেলা হয় এবং ঘরের আসবাবপত্র লুট করা হয়। সুমনের দাবি, বর্তমানে অভিযুক্তরা তার খামারে থাকা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের গরু, মুরগি ও মাছ লুটের চেষ্টা করছে। প্রাণনাশের হুমকির মুখে পুরো পরিবার এখন এলাকাছাড়া।
ভুক্তভোগী পরিবারটি এখন প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা তাদের পৈতৃক ভিটেমাটি উদ্ধার এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কারো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, অভিযোগকারী এবং অভিযুক্তরা পরস্পর আত্মীয়। থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা উভয়পক্ষকে তাদের জমির বৈধ কাগজপত্র নিয়ে আলোচনার জন্য বলেছি। নথিপত্র পর্যালোচনা করে বসতঘর দখলের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন