নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘবদ্ধ ডাকাত চক্রের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক জাপান প্রবাসী। গত বুধবার রাতে মেঘনা টোল প্লাজার নিকটবর্তী পুলিশ চেকপোস্টের অদূরে অস্ত্রের মুখে জিম্মি করে ওই প্রবাসীর ১৫ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে ডাকাত দল। এই ঘটনায় পরিবারটির জাপান যাওয়ার স্বপ্ন এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
ভুক্তভোগী আরমান (৪০) ফেনীর বাসিন্দা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি তার স্ত্রী ও সন্তানসহ মাইক্রোবাসযোগে ফেনী থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে মাইক্রোবাসটির গতিরোধ করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গাড়ি থামানোর পরপরই ডাকাতরা তাদের মারধর করে। এ সময় তাদের কাছে থাকা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকার, তিনটি আইফোন ১৬ ও ১৭ প্রো ম্যাক্সসহ মূল্যবান মুঠোফোন এবং নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় পথচারী এক মোটরসাইকেল আরোহী ডাকাতদের সশস্ত্র অবস্থায় লুটতরাজ চালাতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাটি নিয়ে পুলিশের বক্তব্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ দাবি করেন, ঘটনাটি মহাসড়কে ঘটেনি, বরং পাশের কোনো অভ্যন্তরীণ সড়কে ঘটেছে। অন্যদিকে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, চেকপোস্টের কাছাকাছি ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ চেকপোস্টের মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন