চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের পিটুনিতে পলান (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলান ওই গ্রামের মৃত ছয়রদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী ইদবার মহুরি, নেকবার, মজিবর ও আকবার গংদের সঙ্গে পলানের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিতে পলানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন