অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্লাউড ব্যাকআপ ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে গুগল। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের ব্যাকআপে থাকা সব তথ্য ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ করা হবে। ফলে গুগল অ্যাকাউন্টের সঙ্গে বিনামূল্যে দেওয়া ১৫ গিগাবাইট ক্লাউড স্টোরেজে আগের তুলনায় বেশি জায়গা ব্যবহৃত হবে। এর ফলে যেসব ব্যবহারকারীর ১৫ গিগাবাইট বিনামূল্যের স্টোরেজ ইতোমধ্যে প্রায় পূর্ণ, তাদের ক্ষেত্রে নতুন ব্যাকআপের কারণে স্টোরেজ দ্রুত শেষ হয়ে যেতে পারে। অতিরিক্ত স্টোরেজের প্রয়োজন হলে সেক্ষেত্রে অর্থের বিনিময়ে গুগল ওয়ান সেবায় আপগ্রেড করতে হতে পারে। গুগল জানিয়েছে, নতুন নীতিমালার আওতায় ফোনের খুদে বার্তা (এসএমএস), মাল্টিমিডিয়া বার্তা (এমএমএস), কলের ইতিহাস, বিভিন্ন সেটিংস, ওয়ালপেপার এবং ইনস্টল করা অ্যাপ–সংক্রান্ত তথ্যও ক্লাউডে সংরক্ষণ করা হবে। প্রতিষ্ঠানটির দাবি, এই পরিবর্তনের ফলে প্রতিটি ফোনের ব্যাকআপের আকার গড়ে প্রায় ৪০ মেগাবাইট বাড়বে, তাই অধিকাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে এর প্রভাব খুব বেশি হবে না। গুগলের এক মুখপাত্র জানান, নতুন এই ব্যাকআপ ব্যবস্থা ব্যবহারকারীদের জন্য ফোন পরিবর্তন বা নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে আগের তথ্য ফিরিয়ে আনা আরও সহজ করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন