বিশ্বকাপের মেগা ফাইনালে সবার আগে টিকিট কেটে এখন ফুরফুরে মেজাজে স্পেন। ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দেওয়ার পর লস রদ্রিগোদের ডাগআউটে এখন শুধু একটাই প্রশ্নÑ আগামী রোববারের ফাইনালে কার মুখোমুখি হচ্ছে তারা? এই প্রতিবেদন যখন পাঠকদের হাতে পৌঁছবে, তখন অবশ্য সবাই জেনেই যাবেন, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কে হবে স্পেনের প্রতিপক্ষ। অবশ্য সেই মহারণের আগে স্প্যানিশ শিবিরে শুরু হয়ে গেছে ফাইনালের মনস্তাত্ত্বিক খেলা। স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রকাশ্যেই জানিয়েছেন, ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়াটা হবে তার জন্য চরম আনন্দ ও রোমাঞ্চের।
স্প্যানিশ গুরুর এই আগ্রহের নেপথ্যে রয়েছে আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনির সঙ্গে তার দীর্ঘদিনের পুরোনো ও গভীর বন্ধুত্ব। ফ্রান্সকে বধ করার পর দে লা ফুয়েন্তেকে যখন সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি লাতিন ও ইউরোপীয় ফুটবলের ভিন্ন ঘরানার প্রশংসা করে বলেন, ‘লিওনেল স্কালোনির সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারলে আমি সত্যিই দারুণ খুশি হব। তবে ইংল্যান্ডের শক্তির প্রতিও আমার গভীর শ্রদ্ধা আছে।’ টুর্নামেন্টের সেরা চার দলই সেমিফাইনালে ওঠায় এই বিশ্বকাপকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মানসম্পন্ন আসর হিসেবেও আখ্যা দিয়েছেন এই মাস্টারমাইন্ড।
কোচ যেখানে বন্ধুত্বের টানে লিও মেসিদের ফাইনালে চাইছেন, স্পেনের ড্রেসিংরুমের সমীকরণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন! স্প্যানিশ ফুটবলারদের মনে ফুটছে পুরোনো ক্ষোভ আর মর্যাদার লড়াইয়ের আগুন। স্প্যানিশ মিডিয়া ‘এল চিরিংগিতো’র খবর অনুযায়ী, ড্রেসিংরুমের খেলোয়াড়েরা হন্যে হয়ে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চাইছেন, তবে তা কোনো বন্ধুত্বের খাতিরে নয়, বরং মাঠের লড়াইয়ে উচিত জবাব দেওয়ার জন্য। কিছুদিন আগে রাজনৈতিক কারণে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বহুল আকাক্সিক্ষত ‘ফাইনালিসিমা’ ম্যাচটি বাতিল হয়ে গিয়েছিল। সেই সময় আর্জেন্টাইন সংবাদমাধ্যম ও সমর্থকেরা খোঁচা দিয়ে দাবি করেছিল, স্পেন নাকি আর্জেন্টিনার ভয়ে ম্যাচটি থেকে পিছু হটেছে! স্প্যানিশ ড্রেসিংরুমে সেই অপমানের ক্ষত এখনো দগদগে।
স্প্যানিশ ফুটবলারদের লক্ষ্য এখন একটাইÑ মাঠের পারফরম্যান্স দিয়ে লাতিন জায়ান্টদের অহংকার চূর্ণ করা। স্পেনের বিশ্বকাপ শিবিরের ভেতরের হাওয়া বলছে, ফুটবলাররা মনে করছেনÑ আর্জেন্টিনাকে ফাইনালে পেয়ে হারিয়ে দিতে পারলেই তাদের ‘ভীতু’ বলার মোক্ষম জবাব দেওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন