‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। গতকাল বুধবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সাত দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের স্টল স্থান পেয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন