ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে নতুন ইতিহাস লিখেছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে গোলসংখ্যায় লিওনেল মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠেছেন ফরাসি এই তারকা। এতে গোল্ডেন বুটের লড়াইটাও নিয়ে গেলেন অনেকটা ধরাছোঁয়ার বাইরে।
গত শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৪-৬ ব্যবধানে হেরে যায় ফ্রান্স। মায়ামিতে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফরাসিরা। বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে তাদের ৪ গোল হজমের অভিজ্ঞতা এটিই প্রথম। দ্বিতীয়ার্ধে ৪ গোল করলেও হার এড়াতে পারেনি তারা। এর মধ্যে ২টি গোল করেন এমবাপ্পে।
গোল্ডেন বুটের লড়াইয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপ্পের। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ২১টির বিপরীতে এমবাপ্পে করেছেন ২২ গোল।
অন্যদিকে এবারের বিশ^কাপ আসরে গোল্ডেন বুটের দৌড়েও লিওনেল মেসির চেয়ে ২ গোল এগিয়ে গেলেন এমবাপ্পে। তবে আর্জেন্টাইন কিংবদন্তির সামনে এখনো একটি সুযোগ আছেÑ স্পেনের বিপক্ষে ফাইনাল। সেখানে যদি ৩৯ বছর বয়সি কমপক্ষে ২টি গোল ও একটি অ্যাসিস্ট অথবা হ্যাটট্রিক করতে পারেন, তাহলে তিনি গোল্ডেন বুট জিতবেন। অন্যথায় প্রথম খেলোয়াড় হিসেবে দুবার এই পুরস্কার জিতবেন এমবাপ্পে।
আসরে এমবাপের গোল ১০টি, সঙ্গে চারটি অ্যাসিস্ট। এই শতকে কোনো খেলোয়াড় বিশ্বকাপে এত গোল করতে পারেননি। সর্বশেষ গার্ড মুলার ১৯৭০ সালে পশ্চিম জার্মানির হয়ে এক আসরে ১০ গোল করেছিলেন। অন্যদিকে মেসির ৮ গোলের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ৪টিতে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন