রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচার কর্মসূচির আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘বাংলা কিউআর’ ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করবে। ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচির অংশ হিসেবে মগবাজার মোড়, কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে, নয়াটোলা এবং রামপুরায় এলাকায় লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ‘বাংলা কিউআর’ ব্যবহারের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয় এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে তাদের উদ্বুদ্ধ করা হয়।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রচার কর্মসূচিতে ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, জোনাল অফিস ঢাকা সেন্ট্রাল এবং টিসিবি ভবন কর্পোরেট, মগবাজার, মলিবাগ, খিলগাঁও, নয়াটোলা ও রামপুরা শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন