× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:২০ এএম

তনু হত্যা মামলা

সাবেক সেনাসদস্যসহ আরও দুজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:২০ এএম

সাবেক সেনাসদস্যসহ  আরও দুজনের ডিএনএ  পরীক্ষার নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। আলোচিত এ মামলায় নতুন করে আরও দুজনের ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তনুর পোশাক থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে আরও তিনজনের ডিএনএর নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল; যার মধ্যে একজন সাবেক সেনাসদস্য ছিলেন। 

নতুন করে যেই দুজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য, অন্যজনের পেশার বিস্তারিত জানা যায়নি। তবে তিনি সেনাবাহিনীর বাইরের। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে বলে আদালত উল্লেখ করেছেন। ১৬ জুলাই কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আমলি আদালতের বিচারক মো. মুমিনুল হক এ আদেশ দেন। এ বিষয়ে গতকাল মঙ্গলবার নিশ্চিত হওয়া গেছে।

নতুন করে যে দুজনের ডিএনএ প্রোফাইল প্রস্তুত ও তনুর পোশাক থেকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত তারা হলেনÑ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই গ্রামের বাসিন্দা মো. সোলেইমানের ছেলে সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর-রাজাপাড়া এলাকার এম এ মান্নানের ছেলে ফয়সাল আহমেদ (রাব্বী)। এদের মধ্যে জাহিদুলের বিরুদ্ধে ঘটনার শুরু থেকেই অভিযোগ করে আসছে তনুর পরিবার। তবে এত দিন পর্যন্ত মামলার নথিপত্রে তার নাম আসেনি। তনু হত্যার সময় জাহিদুল কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

আদালতসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তরিকুল ইসলাম কুমিল্লার আদালতে সন্দেহভাজন এই দুই ব্যক্তির ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তদন্ত চলাকালে ভিকটিমের জব্দ করা পোশাকের ডিএনএ রিপোর্ট পর্যালোচনায় একাধিক পুরুষের সম্পূর্ণ ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে। এসব ডিএনএ প্রোফাইল যাচাইয়ের জন্য মামলার সন্দেহভাজন সাবেক সৈনিক মো. জাহিদুল ইসলাম (৪১) ও ফয়সাল আহমেদ রাব্বীর (৩২) ডিএনএ প্রোফাইল প্রস্তুত এবং তুলনামূলক পরীক্ষার জন্য তাদের রক্তের নমুনা সংগ্রহের অনুমতি চাওয়া হয়।

এ বিষয়ে পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে। তবে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছি। আপাতত এর বাইরে কিছু বলতে চাইছি না। তদন্ত শেষে আমরাই বিস্তারিত গণমাধ্যমকে জানাব।’

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। পরদিন তাঁর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!