পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এরই মধ্যে নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে রাজ্যজুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে একাধিক অভিজ্ঞ নেতার নাম ঘুরে বেড়ালেও বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন অগ্নিমিত্রা পাল।
আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় পাওয়ার পর তার রাজনৈতিক গুরুত্ব অনেক বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রায় চল্লিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি শুধু নিজের অবস্থানই শক্ত করেননি, বরং ওই অঞ্চলে দলীয় ভিত্তিও আরও মজবুত করেছেন।
রাজনীতিতে আসার আগে অগ্নিমিত্রা পাল পরিচিত ছিলেন ফ্যাশন ডিজাইনার হিসেবে। আসানসোলের এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অগ্নিমিত্রার বাবা ছিলেন খ্যাতিমান শিশু চিকিৎসক। পরিবারের ইচ্ছা ছিল তিনি চিকিৎসক বা প্রকৌশলী হবেন। তবে শেষ পর্যন্ত তিনি পড়াশোনা করেন উদ্ভিদবিদ্যায়।
পরবর্তীতে কলকাতায় ব্যবস্থাপনা বিষয়ে পড়ার সময় ফ্যাশন নকশার জগতে যুক্ত হন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজের সৃজনশীলতা দিয়ে পরিচিতি পান। তার নকশায় বাংলার ঐতিহ্যবাহী কাঁথা ও লোকশিল্পের ছাপ বিশেষভাবে দেখা যেত। দেশ-বিদেশের বহু পরিচিত ব্যক্তিত্ব তার নকশা করা পোশাক ব্যবহার করেছেন।
নিজের প্রতিষ্ঠিত পোশাক ব্র্যান্ডের মাধ্যমে তিনি কলকাতার ফ্যাশন জগতে আলাদা অবস্থান তৈরি করেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে ধীরে ধীরে দলীয় নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন।
তবে রাজনৈতিক জীবনে বিতর্কও রয়েছে তার নামের সঙ্গে। নির্বাচনি তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বর্তমান নেতৃত্বের বিকল্প হিসেবে নারী মুখ সামনে আনতে চাইলে বিজেপির জন্য অগ্নিমিত্রা পাল হতে পারেন বড় চমক। সেটি হলে ফ্যাশনের মঞ্চ থেকে সরাসরি প্রশাসনের শীর্ষ পদে পৌঁছানোর এক ব্যতিক্রমী ইতিহাস গড়বেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন